ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬

জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ের চেতনা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করলে তা দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন টিকে থাকতে পারবে না।


রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের প্রত্যাশা ও বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে গণঅধিকার পরিষদ।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে আগামী সংসদ অধিবেশনে গুম প্রতিরোধে নতুন আইন আনার পরিকল্পনার কথাও জানান তিনি।


মব জাস্টিস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে মব সংস্কৃতির সৃষ্টি হয়েছে আইনের শাসন পুরোপুরি কার্যকর না হওয়ার কারণে। রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনি সংস্কারও করা হবে।


তিনি বলেন, জুলাই জাতীয় সনদে বিভিন্ন ধরনের অপরাধ, বিশেষ করে গুমের মতো ঘটনার জন্য পৃথক আইনি ব্যবস্থা রাখার কথা রয়েছে। এ লক্ষ্যে আগামী সংসদে গুম প্রতিরোধ আইন আনা হবে। সংবিধান সংস্কারেও সব অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাইবিরোধী শক্তি কিংবা ক্ষমতার লোভে কেউ যদি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা করতে হবে।


অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, দেশে জামায়াতে ইসলামীর উত্থান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে। তাঁর দাবি, দলটির উত্থান হলে দেশে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হবে। অনুষ্ঠানে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে বলেও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page